বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিন্টু শেখ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় হামলাকারীরা ওই কৃষকের ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মধুরকাঠি গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। নিহত মিন্টু শেখ (যিনি এলাকায় মিঠু শেখ নামেও পরিচিত) ওই গ্রামেরই বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।
নিহতের ভাই মিজান শেখ গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় তার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায় তারা। এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার পাশাপাশি হামলাকারীরা মিন্টুর ডান হাতের কবজি কেটে নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় মিন্টু শেখকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে