অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ: খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন ইউনিটের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ২৮ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহারকৃতদের মধ্যে পুলিশের বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্যরা রয়েছেন।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এই শাস্তিমূলক প্রশাসনিক আদেশ জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা, ট্রাফিক বিভাগ এবং জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত কিছু সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনিয়ম, অর্থ লেনদেন ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠছিল। অপরাধ নিয়ন্ত্রণ, মামলা গ্রহণ, তদন্ত বা অভিযানের ক্ষেত্রে এমন অনৈতিক সুবিধা নেওয়ার কারণে পুলিশের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছিল এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি ব্যাহত হচ্ছিল। এসব অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে তাঁদের সংশ্লিষ্ট কর্মস্থল থেকে প্রত্যাহার করে নিজ নিজ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম জানান, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের যে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে, তা বাস্তবায়নে বাহিনীর ভেতরেই আগে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, “এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের কারণে আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের প্রতি জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি হয়। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কঠোর নির্দেশনা রয়েছে যাতে অনৈতিক সুবিধা গ্রহণকারীদের কোনো ছাড় না দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় খুলনা বিভাগে এই শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।”

Share This News