ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন ও লাইভ নজরদারি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন দায়িত্ব পালন করছে গোপালগঞ্জে। এছাড়া শিল্পাঞ্চল অধ্যুষিত গাজীপুরে ১৯ প্লাটুন এবং ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য জেলার মধ্যে চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৭ প্লাটুন করে এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন সদস্য মাঠে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত এই অভিযানে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন থাকে।

মাঠপর্যায়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। এবারের নিরাপত্তা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে

Share This News