পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, বাংলাদেশকে ধন্যবাদ আসিফ নজরুলের

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের এই সংহতিমূলক পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার ফেসবুকে সংক্ষিপ্ত একটি পোস্টে তিনি লেখেন, “ধন্যবাদ পাকিস্তান।” সেই সঙ্গে শাহবাজ শরিফের বক্তব্যের দুটি উদ্ধৃতিও শেয়ার করেন তিনি।

প্রধানমন্ত্রী শরিফ স্পষ্ট করে বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়।”

তিনি আরও জানান, “ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি উপযুক্ত ও ন্যায্য পদক্ষেপ।”

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব দেয়। কিন্তু আইসিসির বোর্ড সভায় যথেষ্ট সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসির ওই বোর্ড সভায়ও পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল।

Share This News