খুলনায় নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধিমালা নিয়ে সিয়ামের উদ্যোগ — জেলা খাদ্য কার্যালয়ে মতামত হস্তান্তর


খুলনা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬:

জনস্বাস্থ্য রক্ষায় প্যাকেটজাত খাদ্যে লবণ, চিনি ও স্যাচুরেটেড ফ্যাটের বিষয়ে সচেতনতা নিশ্চিত করতে সিভিল সোসাইটি সংগঠন সিয়াম আজ খুলনা জেলা খাদ্য কার্যালয়ে একটি আনুষ্ঠানিক মতামতপত্র প্রদান করেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত খসড়া “নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধিমালা, ২০২৬”-এর উপর এই মতামত পেশ করা হয়।

সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে এবং সংগঠনের প্রতিনিধি সাকিব রহমান, আরিফ বিল্লাহ এবং ব্যবসায়ী প্রতিনিধি রাজীব সাহা-সহ একটি প্রতিনিধিদল জেলা খাদ্য কর্মকর্তা জনাব মোহাম্মাদ মখলেসুর রহমান-এর সঙ্গে বিস্তারিত আলোচনায় বসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি সৌমেন কুন্ডু এবং মোঃ মোস্তাফিজুর রহমান-ও উপস্থিত ছিলেন।

আলোচনায় সিয়ামের প্রতিনিধিরা জেলা খাদ্য কার্যালয়ের কার্যক্রম, খাদ্যে ভেজাল রোধে গৃহীত পদক্ষেপ এবং জরিমানা বা আইনি ব্যবস্থা প্রয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি, নিরাপদ খাদ্য প্রবিধিমালার কার্যকর বাস্তবায়নে সংগঠনটি কর্তৃপক্ষকে কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাবও উপস্থাপন করা হয়।

অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এ প্রসঙ্গে বলেন, “ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) বিশ্বব্যাপী একটি প্রমাণিত কার্যকর ব্যবস্থা, যা মানুষকে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণে নিরুৎসাহিত করে এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রবিধিমালা সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের সাধারণ মানুষ প্যাকেটজাত খাদ্য কেনার সময় সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

উল্লেখ্য, সিয়াম দীর্ঘদিন ধরে সিটিজেন নেটওয়ার্ক এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি এফেয়ার্স-এর সঙ্গে যৌথভাবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অস্বাস্থ্যকর খাদ্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করে আসছে। অ্যাডভোকেট মাসুম বিল্লাহ-এর দিকনির্দেশনায় সিয়াম এই খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Share This News