জলবায়ু বিপর্যয় প্রতিরোধে স্কুলভিত্তিক স্বল্প পরিসরে সবুজায়ন কার্যক্রম শুরু

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬: অপরিকল্পিত নগরায়ন ও অবকাঠামো নির্মাণের ফলে শহরে সবুজের পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে, যার প্রভাবে নগর তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষাপটে নগরকৃষি ও স্বল্প পরিসরে সবুজায়নকে কার্যকর সমাধান হিসেবে তুলে ধরে “জলবায়ু বিপর্যয় প্রতিরোধে স্বল্প পরিসরে সবুজায়ন” শীর্ষক একটি পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল-এ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হেলথব্রীজ ফাউন্ডেশন অব কানাডা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের যৌথ উদ্যোগে ২০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, বিদ্যালয়ের মাঠে খেলাধুলার স্থান অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের সম্পৃক্ততার মাধ্যমে স্বল্প পরিসরে সবুজায়ন করা হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক ও টেকসই ফলাফল পাওয়া সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী এবং বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস। এছাড়া সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসাইন, প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা এবং প্রকল্প কর্মকর্তা (কৃষি) মো. ইমরান মিয়া উপস্থিত ছিলেন।

মূল প্রশিক্ষণ পর্বে কৃষি বিষয়ক প্রশিক্ষক মো. ইমরান মিয়া শিক্ষার্থীদের স্বল্প পরিসরে সবুজায়নের কৌশল, মাটির উর্বরতা ও ধরন, রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের লক্ষ্যে প্রাকৃতিক কম্পোস্টিংসহ নিরাপদ কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস বলেন, “সময় সাপেক্ষ এ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীরা নিজেরা নিরাপদ কৃষি চর্চা করলে পরিবেশ সম্পর্কে সচেতন হবে এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে আগ্রহ বাড়বে। এ কার্যক্রম পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, “এই পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ কৃষি, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিষয়ে দক্ষতা বাড়ানো হবে। প্রশিক্ষিত কৃষিবিদের সহায়তায় তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সবুজায়ন অনুশীলন, উদ্যোগটির টেকসইকরণ পরিকল্পনা এবং নগরকৃষির উপকারিতা নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করে। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

Share This News