“Build Bright Futures with Japan” স্লোগানে জাপানি ভাষা শিক্ষা কোর্সের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের তরুণদের জাপানি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে খুলনায় যাত্রা শুরু করেছে জাপানি ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কোর্স। “Build Bright Futures with Japan” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোর্সটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কোর্সটির উদ্যোক্তা প্রতিষ্ঠান দ্য লিগ্যাল ডোরস (The Legal Doors)। কোর্স পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে এইচএমএস জাপানিজ ল্যাংগুয়েজ ট্রেনিং স্কুল (HMS Japanese Language Training School)

অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে, দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে একটি কার্যকর সেতুবন্ধন তৈরির প্রতীক হিসেবেই জাতীয় পতাকা দুটি অনুষ্ঠানে স্থান পায়। অনুষ্ঠানটি স্থানীয় সংবাদমাধ্যম নগরের খবর-এর পক্ষ থেকে কভার করা হয়, এতে বার্তা সম্পাদক সাকিব রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন দ্য লিগ্যাল ডোরসের কর্ণধার অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ। তিনি বলেন, বর্তমান বিশ্বে ভাষাগত দক্ষতা তরুণদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাপানের উচ্চশিক্ষা ও শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের জন্য যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে জাপানি ভাষা শেখা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এ উদ্যোগের লক্ষ্য শুধু জাপানি ভাষা শেখানো নয়; শিক্ষার্থীদের জাপানের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি ও কর্মপরিবেশ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। তরুণদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগে দ্য লিগ্যাল ডোরস ভবিষ্যতেও পাশে থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন এইচএমএস জাপানিজ ল্যাংগুয়েজ ট্রেনিং স্কুলের কর্ণধার নাগাসিমা শশী ও জাতীয় জাপানি ভাষার প্রশিক্ষক আল মামুন। তারা কোর্সের কারিকুলাম, প্রশিক্ষণ পদ্ধতি এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের জাপানি সংস্কৃতি, শৃঙ্খলা ও কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে জাপানে পড়াশোনা ও কাজ করতে আগ্রহী তরুণদের প্রস্তুতি আরও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী মুতাফিজুর রহমান শাকিল (সিয়ামের ব্যবস্থাপনা পরিচালক)সিয়ামের কমিউনিকেশন অফিসার রাজিব সাহা এবং দ্য লিগ্যাল ডোরসের টিম অ্যাসিস্ট্যান্ট আরিফ বিল্লাহ। এছাড়া বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে জাপানি ভাষা কোর্সের নিয়মিত কার্যক্রম শুরু হবে। কোর্সে ভর্তি প্রক্রিয়া, প্রশিক্ষণের সময়কাল, কারিকুলাম ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের দ্য লিগ্যাল ডোরসের কার্যালয়, এফ-৬, ২৬/১, শের-ই-বাংলা রোড, খুলনা-৯১০০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দ্য লিগ্যাল ডোরস ও এইচএমএস জাপানিজ ল্যাংগুয়েজ ট্রেনিং স্কুলের এই যৌথ উদ্যোগ খুলনাসহ দেশের তরুণদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News