জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হচ্ছে। দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী সবুজ শহর, সবুজ দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশসহ মিডআইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেখানে অব্যবহৃত জমি আছে সেখানেই বৃক্ষরোপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার সকালে নগরীর আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সরকারের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের জন্য কর্মসূচি হাতে নেয়ায় সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, ময়ূর নদীর উভয় পাড়ে তাল গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খুলনা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলও সবুজায়ন করতে এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সকল প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অংশগ্রহণের জন্য তিনি আহবান জানান।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, কেসিসি’র ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ^াস, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. নাসির উদ্দিন ও সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদ। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যান গাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তরের ”ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি”র আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জন ব্যক্তিকে ভ্যানগাড়ী ও ব্যবসায়ী পণ্য প্রদান করা হয়। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে প্রশাসক বলেন, এ কর্মসূচির মাধ্যমে সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন করা সম্ভব হবে এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিরা সমাজে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাবেন। সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদ, সহ-সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বেসরকারি সংস্থা মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহ, রূপসা’র নির্বাহী পরিচালক হিরম্ময় মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।