খুলনা, ১৫ মার্চ ২০২৬ (বিশেষ প্রতিনিধি):
খুলনা জেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের বাস্তবায়ন অত্যন্ত দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক জেলাভিত্তিক মূল্যায়ন রিপোর্ট কার্ডে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডব্লিউবিবি ট্রাস্ট ও সিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গবেষণা পত্র উপস্থাপন করেন সিয়ামের পলিসি লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। বাংলাদেশ তামাক বিরোধী জোটের খুলনা প্রতিনিধি ও সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

রিপোর্ট অনুসারে, খুলনা জেলার সামগ্রিক গড় স্কোর মাত্র ২৩ শতাংশ। মাঠপর্যায়ের সরাসরি পর্যবেক্ষণে এই স্কোর আরও কমে ২১ শতাংশে নেমেছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত। প্রায় ২৬ লাখ ১৩ হাজার ৩৮৫ জনসংখ্যা ও ৮০.৯ শতাংশ শিক্ষার হারসম্পন্ন এই জেলায় শিক্ষার হার ভালো হলেও আইনের কার্যকর প্রয়োগে বড় ঘাটতি রয়েছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণে মনিটরিং কার্যক্রমে স্কোর ৩৫ শতাংশ, পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষায় ৩৮ শতাংশ, স্বাস্থ্য সতর্কীকরণে ০ শতাংশ, বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধকরণে ২০ শতাংশ এবং তামাকজাত দ্রব্যের কর বাস্তবায়নে ০ শতাংশ। সব সূচকই অসন্তোষজনক বা ঝুঁকিপূর্ণ। প্রশাসনিক মূল্যায়ন ও বাস্তব চিত্রের মধ্যে বড় ব্যবধান লক্ষ্য করা গেছে। সরকারি টাস্কফোর্স সদস্যদের গড় স্কোর ৪৩ শতাংশ, বেসরকারি টাস্কফোর্স সদস্যদের ৭ শতাংশ এবং মাঠপর্যায়ের পর্যবেক্ষণে ২১ শতাংশ। এই ব্যবধান কার্যকর মনিটরিং ও জবাবদিহিতার অভাব নির্দেশ করে। সূচকভিত্তিক বিশ্লেষণে মনিটরিং ১৭ শতাংশ, পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষা ৩৩ শতাংশ, স্বাস্থ্য সতর্কীকরণ ৪২ শতাংশ, বিজ্ঞাপন নিষিদ্ধকরণ ৪২ শতাংশ এবং কর বৃদ্ধি মাত্র ৮ শতাংশ। জাতীয় পর্যায়ের ২০ জেলার বিশ্লেষণেও একই ধরনের চিত্র: ৫৫ শতাংশ জেলায় টাস্কফোর্স সভা নিয়মিত হয় না, ৭০ শতাংশ জেলা জাতীয় সেলে প্রতিবেদন পাঠায় না, ৮৫ শতাংশ জেলায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দৃশ্যমান এবং ৫০ শতাংশ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি চলছে।

রিপোর্টে সুপারিশ করা হয়েছে জেলা-উপজেলা পর্যায়ের টাস্কফোর্স সক্রিয় করা, নিয়মিত মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করা, মোবাইল কোর্ট জোরদার করা, পাবলিক প্লেসে ‘নো-স্মোকিং’ সাইনেজ বাধ্যতামূলক করা এবং তামাকজাত দ্রব্যের কর বাস্তবায়নে বাজার তদারকি বাড়ানো। অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ বলেন, “প্রশাসনিক প্রতিবেদন আশাব্যঞ্জক হলেও মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন। এখনই স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও নাগরিক সমাজকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আমাদের লক্ষ্য খুলনাকে তামাকমুক্ত জেলা গড়ে তোলা।” উপস্থিত ছিলেন বাংলা নিউজ ২৪ .কম এর মাহবুবুর রহমান মুন্না, ইনকিলাব এর খুলনা ব্যুরো আসাফুর রহমান কাজল, খুলনা গেজেট এর নিজস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপু, ঢাকা টাইমস এর খুলনা ব্যুরো প্রধান শেখ ফেরদৌস রহমান, শীর্ষ নিউজ ২৪ .কম এর আলমগীর হান্নান,সময় টিভির রিপোর্টার তানজিম আহমেদ, চ্যানেল ২৪ এর সটাফ রিপোর্টার বেল্লাল হোসেন সজল, দৈনিক তথ্য এর বার্তা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, খুলনা গেজেট এর সাব এডিটর এস এম মাহবুবুর রহমান, নগরের খবর এর ব্যবস্থাপনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, বার্তা সম্পাদক সাকিব রহমান প্রমুখ।
প্রয়োজনে যোগাযোগ: কাজী মোহাম্মদ হাসিবুল হক, পলিসি লিড, সিয়াম (মোবাইল: ০১৭১০০২৪৬২৬)।