খুলনা, ১৮ জুলাই ২০২৬:গণপরিবহন ও পরিবহন টার্মিনালকে ধূমপানমুক্ত এবং তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণে খুলনায় একটি বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) খুলনা নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস্) এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) যৌথভাবে সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে সিয়াম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনার উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব তানভীর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও কার্যকরী সম্পাদক সাইফুল মল্লিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রবিউল করিম এবং খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডাস্ এর সহকারী প্রোগ্রাম কর্ডিনেটর আবুল কালাম আজাদ ও সিয়ামের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান শাকিল ও এডমিন সাকিবুর রহমান দিপু। এছাড়াও সভায় খুলনা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস্)-এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। তিনি গণপরিবহন ও পরিবহন টার্মিনালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে জনস্বাস্থ্য ঝুঁকি, বিদ্যমান আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং কার্যকর তদারকি ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, গণপরিবহন ও পরিবহন টার্মিনাল ধূমপানমুক্ত রাখা আইনগত বাধ্যবাধকতা হলেও বিভিন্ন স্থানে এখনও আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে। যাত্রী, চালক, পরিবহন শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আইন বাস্তবায়নকারী সংস্থার সক্রিয় ভূমিকার মাধ্যমে এ পরিস্থিতির উন্নতি সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদ গণপরিবহন খাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের আইন মেনে চলা এবং যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ গণপরিবহন ও পরিবহন টার্মিনালকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
সভা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক, সিয়াম।