নগরের উন্নয়নের দায়িত্ব যাদের কাঁধে, তাদের চোখের সামনেই নগরী ক্রমশ অগোছালো হয়ে পড়ছে। মূল সড়ক দখল করে অবৈধ ব্যবসা এবং পার্কিংয়ের নামে গড়ে ওঠা গ্যারেজের কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ‘নগর অব্যবস্থাপনা’ সিরিজের প্রথম পর্বে আজ তুলে ধরা হলো খুলনার প্রাণকেন্দ্র বায়তুন নূর মসজিদ এবং নিউ মার্কেট এলাকার চরম বিশৃঙ্খলার চিত্র।
বায়তুন নূর মসজিদে মুসল্লিদের পকেট কাটছে কারা? বায়তুন নূর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লিরা পড়েছেন চরম বিপাকে। নিয়ম অনুযায়ী মসজিদের পার্কিংয়ে মুসল্লিদের যানবাহন রাখার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। মসজিদের সামনে বিশাল পার্কিং ব্যবস্থা থাকলেও সেটি ঘেরাও করে সেখানে যেকোনো ধরনের যানবাহন প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।


ফলে বাধ্য হয়ে মুসল্লিদের বাইরের রাস্তায় টাকা দিয়ে মোটরসাইকেল বা গাড়ি রাখতে হচ্ছে। হিসাব করে দেখা যায়, প্রতি ওয়াক্ত নামাজ পড়তে এলে একজন মুসল্লিকে দিনশেষে শুধুমাত্র পার্কিং ভাড়াই গুনতে হচ্ছে প্রায় ১০০ টাকা। সাধারণ মুসল্লিদের একটাই প্রশ্ন— ইবাদত করতে এসে নিজস্ব পার্কিং থাকার পরও কেন তাদের এই ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হতে হবে?
নিউ মার্কেট এলাকার সড়ক এখন গ্যারেজ! নগরীর অন্যতম ব্যস্ত এলাকা নিউ মার্কেটের সামনের সড়কের অবস্থাও ভয়াবহ। রাস্তার তিন থেকে চার হাত প্রশস্ত জায়গা দখল করে প্রতিনিয়ত মোটরসাইকেল ও গাড়ির গ্যারেজ বানানো হয়েছে। প্রশস্ত রাস্তার একটি বড় অংশ অবৈধ দখলে চলে যাওয়ায় এই এলাকায় সারাক্ষণ যানজট লেগেই থাকছে।


ফুটপাত ও সড়ক দখল হওয়ায় পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। রাস্তা সরু হয়ে যাওয়ার কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে সাধারণ মানুষ ও যানবাহন।
কেডিএ চেয়ারম্যানের হস্তক্ষেপ জরুরি কতিপয় অসাধু দখলদারের হাত থেকে রাস্তাটি দ্রুত মুক্ত করা প্রয়োজন। বর্তমান নবনিযুক্ত কেডিএ (খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান যদি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন, তবে সাধারণ মানুষ এই বন্দিদশা ও ভোগান্তি থেকে মুক্তি পাবেন। অবৈধ গ্যারেজ ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে ভুক্তভোগী নগরবাসী।
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
(চলবে…)