বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে “বিচার বিভাগের স্বাধীনতা: প্রত্যাশা ও করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে ভয়েজ অব লইয়ার্স।
আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: ইমাম হাসান এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ।
বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধান দ্বারা স্বীকৃত হলেও বাস্তব প্রয়োগে এখনো নানা চ্যালেঞ্জ বিদ্যমান। এর মধ্যে বিচারক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করা, মামলার দীর্ঘসূত্রতা কমানো, আদালতের অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক প্রভাবমুক্ত পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনায় আধুনিক আদালত ব্যবস্থাপনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপরও জোর দেওয়া হয়। বক্তাদের মতে, স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগই আইনের শাসন ও নাগরিক অধিকার সুরক্ষার প্রধান ভিত্তি।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা সভা বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিগত সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখবে।