ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয় বিষয়ক “বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী” শীর্ষক সেমিনার খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) বিভাগীয় কমিশনার, খুলনা’র সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে বিভাগীয় প্রশাসন, খুলনা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি প্রতিনিধি এবং মোঃ আখতারউজ-জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. কাজী আবু রাশেদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা সিফাত মেহেদী এবং পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ ডা. মোঃ মুজিবুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা আবু সায়েদ মোঃ মনজুর আলম।
বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ আমদানি নিষিদ্ধ ইসিগারেট নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের দিকে শিক্ষকদের নজরদারি বাড়াতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধে প্রশাসনের সহযোগিতায় দোকান অপসারণ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তামাক কোম্পানির সাথে কোন ধরনের জোকসূত্র তৈরি থেকে বিরত থাকতে হবে এবং সকল ধরনের সিএসআর নিষিদ্ধ কাজ করতে হবে। জেলা উপজেলা এবং বিভাগীয় টাস্কফোর্স কমিটির মিটিং গুলো নিয়মিত পরিচালনা করতে হবে। তামাক চাষের পরিধি যাতে বৃদ্ধি না পায় সেদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নজর রাখতে হবে এবং সরকারি সার বিতরণের ক্ষেত্রে তামাক চাষীদের এর আওতায় রাখা যাবে না, তাদেরকে তামাক চাষে নিরসাহিত করতে হবে অন্যান্য বিকল্প ফসল চাষে উৎসাহিত করতে হবে। পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনকে ধূমপানমুক্তকরণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের এ বিষয়ে আরো সচেতনামূলক কাজ করতে হবে।