খুলনায় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে শনিবার (১৪ আগস্ট ২০২৬) জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিয়াম ও সিটিজেন নেটওয়ার্কের আয়োজনে ‘জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট এর পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেভলপমেন্ট এক্টিভিটিস অফ সোসাইটি (ডাস)-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক।

বক্তব্যে কাজী মোহাম্মদ হাসিবুল হক বলেন, “প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। ভোক্তারা সহজেই যেন বুঝতে পারেন কোন পণ্যে কী পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে, সেজন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করতে হবে। এটি জনস্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে যে, ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হোক, যাতে মানুষ সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে পারে।

অ্যাডভোকেট মোঃ মাসুম বিল্লাহ কর্মসূচ সকল সংগঠনের কর্মী ও স্থানীয় নাগরিকদের বলেন, নাগরিক সমাজের এই দাবি ন্যায়সঙ্গত এবং জনস্বাস্থ্য রক্ষায় সময়োপযোগী। তিনি সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।

Share This News