
বাগেরহাট প্রতিনিধি, ৪:৪০ পিএম, ১১ আগস্ট, ২০২৬
শিশু ও তরুণদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে থাকা তামাকজাত দ্রব্য বিক্রির দোকান অপসারণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইনের ১০০ মিটার সংক্রান্ত বিধান কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
আজ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব বিষয়ে আলোচনা করেন কাড়াপাড়া নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ। এ সময় তিনি তামাক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধান বাস্তবায়নের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন প্রদান করেন।
আবেদনে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। এ ছাড়া এসব স্থাপনার আশপাশে “১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ” মর্মে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রস্তাব দেওয়া হয়। জেলা পর্যায়ে আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনারও আহ্বান জানানো হয়েছে।
সাক্ষাৎকালে অরিন্দম দেবনাথ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিশুদের সংশ্লিষ্ট স্থাপনার আশপাশে তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা কমানো গেলে নতুন প্রজন্মকে তামাকের ব্যবহার থেকে দূরে রাখা সহজ হবে। এ ক্ষেত্রে আইনের পাশাপাশি নিয়মিত তদারকি ও কার্যকর প্রয়োগ গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসক আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। বিশেষ করে শিশু ও তরুণদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে থাকা তামাকের দোকান অপসারণে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সাক্ষাৎকালে বাগেরহাটের তামাকবিরোধী জোটের সক্রিয় সংগঠন অগ্রদূতের নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, আইনটির কার্যকর প্রয়োগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশ থেকে তামাকজাত দ্রব্য বিক্রির স্থান সরিয়ে নেওয়া হলে শিশু-কিশোর ও তরুণদের তামাকের সংস্পর্শ কমবে এবং বাগেরহাটে স্বাস্থ্যকর ও তামাকমুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ আরও শক্তিশালী হবে।