খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডিউটিরত অবস্থায় সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন কনস্টেবল সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর ৫টার দিকে তিনি নিজ মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাটি কার্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, প্রাথমিকভাবে অফিসিয়াল কোনো সমস্যার তথ্য পাওয়া যায়নি। তবে পারিবারিক কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, পরিবার সূত্রে দাবি করা হয়েছে, সম্রাট বিশ্বাসের বদলির বিষয়ে তিনি মানসিক চাপে ছিলেন। বদলির জন্য দেড় লাখ টাকা লাগবে—এমন তথ্য জানার পর থেকেই তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। যদিও পারিবারিক কোনো কলহ ছিল না বলেও তারা উল্লেখ করেন।
নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তিনি ২০১৮ সালের ১১ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ ২০২৫ সালের ৩ নভেম্বর রেলওয়ে হেডকোয়ার্টার্সে যোগ দিয়ে ৫ নভেম্বর খুলনা রেলওয়ে জেলায় কর্মরত হন। মৃত্যুকালে তিনি প্রায় ৭ বছর ৫ মাসের চাকরি সম্পন্ন করেছিলেন।
ঘটনাটি খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আরআই অফিস, অস্ত্রাগার ও রেশন স্টোর এলাকায় ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিস্তারিত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।