যুক্তরাষ্ট্রের আকাশে ডানায় বরফ জমে ছোট বিমান বিধ্বস্ত: শিশুসহ ৬ আরোহীর করুণ মৃত্যু

বৈরী আবহাওয়ার মধ্যে ২৪ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা অবস্থায় ডানায় বরফ জমে নিয়ন্ত্রণ হারায় একটি ছোট উড়োজাহাজ। জরুরি অবতরণের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি—যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ভেতরে থাকা ছয় আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর উইসকনসিনের ডেলোনা শহরের মিরর লেক স্টেট পার্কের কাছাকাছি একটি বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সৌক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছে। পরিবারের সদস্যদের জানানোর প্রক্রিয়া চলায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ছয় আসনের এক ইঞ্জিনবিশিষ্ট ‘পাইপার পিএ-৪৬’ (Piper PA-46) উড়োজাহাজটি কেনোশা থেকে মেনোমনি শহরে ফিরছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, ঝড়-বৃষ্টির মধ্যে ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় উড়োজাহাজটির ডানায় বরফ জমতে শুরু করে। ঝুঁকি বুঝতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কাছে উড়োজাহাজটি নিচে নামিয়ে আনার অনুমতি চান।

কন্ট্রোল রুম থেকে অনুমতি পাওয়ার পরপরই উড়োজাহাজটি ডানদিকে বাঁক নিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই রাডার ও কন্ট্রোল রুমের সঙ্গে সেটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং উড়োজাহাজটি বনাঞ্চলে আছড়ে পড়ে। বনাঞ্চলে বিধ্বস্ত হওয়ায় নিচে থাকা কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়নি বা স্থানীয় কেউ হতাহত হননি। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এনটিএসবি ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

Share This News