বাল্যবিবাহ, শিশু অধিকার, বিরল পাখি ও ঔষধি উদ্ভিদ নিয়ে শিক্ষার্থীদের সচেতনতায় আইডব্লিউব’র উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

চাঁদপুরের কচুয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করেছে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ (আইডব্লিউবি)। গত ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত এ কর্মসূচির লক্ষ্য ছিল শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, সামাজিক সচেতনতা ও পরিবেশগত দায়িত্ববোধ বিকাশ করা। কর্মসূচিতে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনা প্রকাশের সুযোগ পায়। এর পাশাপাশি অংশগ্রহণমূলক নানা কার্যক্রমের মাধ্যমে তাদের বাল্যবিবাহের কারণ ও ক্ষতিকর প্রভাব, শিশু অধিকার, বাংলাদেশের বিরল পাখি ও ঔষধি উদ্ভিদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানানো হয়।

প্রতিদিন সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে ছিল কথা বলার দক্ষতা উন্নয়ন সেশন, পোস্টার প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও গল্প বলার আসর। পোস্টার প্রদর্শনীতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিরল ও বিপন্ন পাখি এবং ঔষধি উদ্ভিদ সম্পর্কে জানতে পারে। কুইজ ও আলোচনায় জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীরা প্রতিটি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

আয়োজকদের মতে, বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা শিশুদের স্বাভাবিক বিকাশ, শিক্ষা ও স্বাস্থ্যের পথে বড় বাধা। অন্যদিকে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে পাখি ও ঔষধি উদ্ভিদসহ জীববৈচিত্র্য ক্রমেই হুমকির মুখে পড়ছে। এসব সংকট মোকাবিলায় নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি জরুরি বলে মনে করে আইডব্লিউবি।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দদায়ক উপায়ে বাল্যবিবাহের কুফল, শিশু অধিকার ও পরিবেশগত চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা পায়। গল্প বলা ও কথা বলার সেশন তাদের আত্মবিশ্বাস, সৃজনশীল চিন্তা, মতপ্রকাশের সক্ষমতা ও নেতৃত্বের গুণ বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নিতেও তারা উৎসাহিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও আইডব্লিউবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে বাস্তব জীবন ও সমাজ সম্পর্কে সচেতন করবে এবং তাদের দায়িত্বশীল, মানবিক ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

Share This News