মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনা কিছুটা থিতিয়ে আসার আভাস মিললেও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা থামছেই না। আর এই নিরাপত্তা শঙ্কার জেরে মাত্র এক দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম।
গতকাল মঙ্গলবারই গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল তেলের বাজার। কিন্তু সমুদ্রপথে একের পর এক ট্যাংকারে অগ্নিকাণ্ডের খবরে আজ বুধবার সকাল থেকেই বদলে যায় চিত্র। গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২ ডলার ২০ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৯ সেন্ট (০.৫৭ শতাংশ) বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্টে লেনদেন হয়েছে।
কূটনৈতিক আশ্বাস বনাম সাগরের বাস্তবতা
মঙ্গলবার লেনদেনের শুরুতে তেলের দাম হুট করে ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে গিয়েছিল। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানে নতুন করে সামরিক অভিযানের আর প্রয়োজন নেই—এমন খবরে বাজারে স্বস্তি ফেরে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না।
এর চেয়েও বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালির নিরাপত্তা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য বলছে, কেবল গত অক্টোবর মাসেই এই জলপথ ও আশপাশের এলাকায় ৩৭টি জাহাজে হামলা হয়েছে, যা ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। আর চলতি নভেম্বরের প্রথম দশ দিনেই ঘটেছে আরও ১০টি হামলার ঘটনা।
গত রবিবার ওমান উপকূলের কাছে ‘ন্যাভিগএইট’ (Navig8) কোম্পানির একটি তেলের ট্যাংকারে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও যাচাই করে সত্যতা পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলাচলের কারণে ন্যাভিগএইটের ট্যাংকারসহ মোট তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে।
হামলার এই ধারাবাহিকতা অব্যাহত ছিল মঙ্গলবারও। ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলার খবর দেয় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। একই দিনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির অনুমোদনহীন পথে চলার সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরকের আঘাতে আরও দুটি ট্যাংকারে আগুন ধরে গেছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে সতর্ক করেছেন যে, কাগজে-কলমে কোনো চুক্তি বা সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হুট করে স্বাভাবিক হবে না। সাগর থেকে মাইন অপসারণ, জাহাজের চড়া বিমা খরচ কমানো এবং ঝুঁকি নিয়ে জাহাজ চালাতে মালিকদের সম্মতি—এই বিষয়গুলোর ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের মজুত বৃদ্ধি ও রাশিয়ার শোধনাগারে সংকট
তেলের বাজারে এখন কেবল মধ্যপ্রাচ্য নয়, সমানভাবে প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে।
অন্যদিকে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের একের পর এক ড্রোন হামলায় রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে শিল্প খাতের সূত্রগুলো। এরই মধ্যে যুদ্ধ বন্ধের নতুন উদ্যোগ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের তৎপরতায় মঙ্গলবার আবুধাবিতে বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা।