সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট ও নিরাপদ পানির অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.০’। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে শুরু হওয়া এই আয়োজন প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবাদচন্ডিপুর গাজী বাড়ি ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই শতাধিক তরুণ-তরুণী, পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপকূলের মানুষের পানি সংগ্রহের কঠিন বাস্তবতা তুলে ধরতে মাটির কলস কাঁধে নিয়ে ম্যারাথনে অংশ নেন। সুপেয় পানি নিশ্চিতের দাবিতে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এই কর্মসূচির আয়োজন করে। বাস্তবায়নে সহযোগিতা করে ActionAid Bangladesh। এছাড়া ৩০টিরও বেশি যুব সংগঠন ও উন্নয়ন সংস্থা এতে সংহতি প্রকাশ করে অংশ নেয়।
ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন গাবুরার জি.কে সাব্বির হোসেন, দ্বিতীয় হন বুড়িগোয়ালিনীর সাগর হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন সাতক্ষীরা সদরের ওয়াছিমুল ইসলাম তপু।
ম্যারাথন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; বরং উপকূলীয় মানুষের পানির অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে এক শক্তিশালী বার্তা। এই আয়োজনের সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিলেন- (সিয়াম); SEIAM-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ বলেন, “শ্যামনগরের মানুষের সুপেয় পানির সংকট এখন আর শুধু স্থানীয় সমস্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনজনিত জাতীয় মানবিক সংকট। নিরাপদ পানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা চাই উপকূলীয় অঞ্চলে টেকসই পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন এবং আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন হোক। তরুণদের এই উদ্যোগ ভবিষ্যৎ পরিবর্তনের শক্তিশালী বার্তা বহন করছে।”
আয়োজকেরা জানান, ক্রমবর্ধমান লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদ তীব্র পানিসংকটে ভুগছে। তাই সচেতনতা সৃষ্টি ও নিরাপদ পানির দাবি জোরালো করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।