মেডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব—নজরুল ইসলাম মঞ্জু

সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে মেডিয়েশনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সমাজে প্রায়ই বিনা কারণে বিরোধ সৃষ্টি হয়, যার ফলে মানুষ ক্রোধের বশবর্তী হয়ে থানা বা আদালতে মামলা করাসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়ে। তবে সামান্য সচেতনতার মাধ্যমে এসব বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে (এডিআর) সমাধান করা সম্ভব।


শনিবার খুলনা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী “খুলনা বিভাগীয় মেডিয়েশন কনফারেন্স ২০২৬” অনুষ্ঠিত হয়। খুলনার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০ জন মেধাবী শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেয়। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)-এর খুলনা বিভাগীয় সমন্বয়ক, সুপ্রিম কোর্টের একরেডিটেড মেডিয়েটর ও অ্যাডভোকেট মোঃ মাছুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন নজরুল ইসলাম মঞ্জু।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার ও জ্যেষ্ঠ সহকারী জজ মোসা. রোমানা আফরোজ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মণ, এবং বিমসের আন্তর্জাতিক প্রশিক্ষক ড. সিমরান নাপিত ও তয়া নাথ গ্রিমি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মেডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই কাজে আরও সহযোগিতার প্রয়োজন। আজকের এই আয়োজনের মাধ্যমে ১০০ জন শিক্ষার্থীসহ শিক্ষক ও গুণীজনেরা মেডিয়েশন সম্পর্কে প্রশিক্ষণ পেলেন, যা সমাজ পরিবর্তন ও সুস্থ পরিবার গঠনে সবাইকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”


এর আগে সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির স্টুডেন্ট উইংয়ের খুলনা বিভাগীয় সমন্বয়ক জান্নাতুল সাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একরেডিটেড মেডিয়েটর ও অ্যাডভোকেট ব্যারিস্টার নিশাত মাহমুদ, হুমায়ুন কবির সিকদার, মমতাজ পারভীন মৌ এবং একরেডিটেড মেডিয়েটর আন্নি ইসলাম।




অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগীয় সদস্য সচিব নুরে জান্নাত প্রিয়া।শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক অনামিকা রায়, শারমিন আক্তার, দেবব্রত সরকার, আফরোজা শারমিন, মোঃ জাফর, লিয়াকত হোসেনসহ সংগঠনের সদস্য অ্যাড. এনায়েত হোসেন, শায়লা সুলতানা, মোস্তাফিজুর রহমান শাকিল, সাকিব রহমান দীপু, রাজীব শাহা , আনিম নাইম খান, চয়ন মণ্ডল, মাহথির মোহাম্মদ অথৈ ও মোঃ আরিফ বিল্লাহ প্রমুখ।