খুলনার কয়রা উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন তার স্ত্রীও।
রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধা স্থানীয়ভাবে সুপরিচিত একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রবিবার গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে ওঠেন এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিস্থিতি টের পেয়ে তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ—গত কয়েক মাস ধরেই কয়রায় সিঁধ কেটে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সংঘবদ্ধ চক্র ঘরে চেতনানাশক জাতীয় পদার্থ স্প্রে করে বাসিন্দাদের অচেতন করে এসব চুরি ও ডাকাতি করছে। রোববারের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন তারা।