যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশঙ্কার কথা জানান।
ফোনালাপে এই দুই নেতার মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন যে, যুদ্ধবিরতি এবং আলোচনার কথা বলা হলেও যুক্তরাষ্ট্র বাস্তবে গুণ্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করছে। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এর আগেও এমন আচরণ করেছে।
ইরানের প্রেসিডেন্টের মতে, মার্কিনিদের এই দ্বিমুখী আচরণের কারণেই তাদের মনে গভীর সন্দেহ তৈরি হয়েছে। তেহরান মনে করছে, কূটনীতির আড়ালে বিশ্বাসঘাতকতা করে যুক্তরাষ্ট্র আবারও হামলার ছক কষছে এবং তারা এই চলমান আলোচনাকে আদৌ কোনো গুরুত্ব দিচ্ছে না।
তবে কৌতূহলোদ্দীপক বিষয় হলো, এই ফোনালাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় ধাপের আলোচনার কোনো উল্লেখ করা হয়নি।
সূত্র : এপি।