খুলনা, ১৯ জুন ২০২৬
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET)-এর সুফল, কর্মসংস্থানের সম্ভাবনা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে অধিকতর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এক বিভাগীয় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে খুলনা বিভাগের সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অধ্যক্ষবৃন্দ, ইমাম, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মো. ফারুক রেজা, কারিকুলাম স্পেশালিস্ট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আনিস আর রেজা, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চল; ইঞ্জিনিয়ার অনিমেষ পাল, অধ্যক্ষ, খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট; কাজী নেয়ামুল শাহীন, অধ্যক্ষ, খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট; এবং সুশান্ত কুমার সাহা, পরিচালক (ভারপ্রাপ্ত), কারিগরি শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, খুলনা।
সেমিনারে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিতকরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপরিহার্যতা তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান বিশ্বে দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণই টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর না হয়ে দক্ষতানির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে টিভিইটি শিক্ষার প্রসার আরও জোরদার করা প্রয়োজন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কারিগরি শিক্ষা সম্পর্কে বিদ্যমান ভুল ধারণা দূর করে এর বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী বৈশিষ্ট্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে টিভিইটি শিক্ষার ইতিবাচক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম করে। তাই টিভিইটি শিক্ষার সুযোগ-সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি ও ইমামগণ তাঁদের মতামত ব্যক্ত করেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানে টিভিইটি শিক্ষার প্রচার, শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ এবং ভর্তি কার্যক্রমে সক্রিয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে এবং দক্ষ বাংলাদেশ গঠনে টিভিইটি শিক্ষার প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।